গত বইমেলায় যখন আমার প্রথম বই প্রকাশিত হয় তখন আমার লাগাম ছাড়া কোনো উত্তেজনা ছিলো না। বই প্রকাশে ঝামেলা থাকে, সময় নিয়ে টানাটানি থাকে, প্রকাশকের সাথে মনোমালিন্য থাকে, এসব বাদে মোটামুটি নির্লিপ্তই ছিলাম। এমন কী মাঝে একবার সিদ্ধান্তও নিয়ে ফেললাম বই বের করবো না।
নানান ঝক্কি বাদে সেই বই প্রকাশের দিন ঠিক হলো ১০ ফেব্রুয়ারি। ডঃ আলী আসগর স্যারের বড় ছেলে রঞ্জন আমার ছেলেবেলার বন্ধু। ঠিক হয় বন্ধু-পিতা আসগর স্যারকে দিয়েই বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচনের দিন মেলায় দেখা হয়ে যায় আবু বকর সিদ্দিকী স্যারের সঙ্গে, সাথে কামাল লোহানী। স্যার নটরডেমে দ্বিতীয়বর্ষে আমাদের বাংলা ক্লাস নিতেন। আমার বই বেরুচ্ছে জেনে তিনি খুব খুশি হলেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তাঁরাও উপস্থিত ছিলেন। ছিলেন সামহোয়্যার ইন ও সচলায়তনের ব্লগারেরা, আমার কাছের বন্ধুরা, খালাতো-মামাতো ভাই-বোনকে নিয়ে আমার মা, আরো অনেক উৎসুক দর্শক।
আমার মাথা খারাপ হয়ে গেলো মোড়ক উন্মোচনের ঠিক পর থেকে। সচলায়তনে "বইমেলা ডায়রি" লিখছিলাম। সেদিনটা কোনো রকম মেলায় কাটিয়ে বাসায় এসে সচলায়তনে লিখলাম – "লেখালেখি করার মত মানসিক অবস্থায় আমি এখন নাই। হঠাৎ করেই আমি ধরতে পেরেছি কী ভয়ংকর একটা ব্যাপার ঘটে গেছে। আমার বইটা বের হয়ে গেছে!" এরপরে আর ডায়রি লিখতে পারিনি।
এসব কথা কেনো বলছি?
বলছি কারণ এই ঘটনাগুলো আমি মিস করছি, প্রচন্ড ভাবেই মিস করছি। বইমেলায় নতুন বই এর গন্ধ, হাজার মানুষের ভিড়, ধাক্কাধাক্কি, হটপেটিস, ধূলো, আড্ডা, চা, সব… আর সব ছাড়িয়ে কষ্ট পাচ্ছি নিজের বইটাকে হাতে তুলে নিতে না পারার কারণে। পুতুল ভাইয়ের লেখার কথা বারে বারেই মনে পড়ে যাচ্ছে।
আজ আমার বই বেরুচ্ছে।
কোনো বিচিত্র কারণে প্রকাশক নজমুল আলবাব ভাই আমাকে বাড়াবাড়ি রকমের ভালোবাসেন। সেই ভালোবাসার পুরোটাই তিনি ঢেলে দিয়েছেন আমার বই "বৃষ্টিদিন রৌদ্রসময়"-এর কাজে। বই প্রকাশের বিলম্ব নিয়ে কারো উৎকন্ঠা; নিজ বই ফেলে কারো আমার বইয়ের খোঁজ নেয়া; মোড়ক উন্মোচন হবে না কেনো বলে কারো আমাকে ঝাড়ি দেয়া; ফেসবুক/মেসেঞ্জার/মেইলে এমন অসংখ্য ঘটনার মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাই। আমার এবারের বইটা আজ বেরুচ্ছে এমন অনেক ভালোবাসা বুকে নিয়ে!
নিজে থাকতে-দেখতে পারছি না। বই প্রকাশের মুহূর্তটা আমার কেটে যাবে একা একা। তবে সত্যি কথা; কষ্ট থাকলেও একবিন্দু ভয় বা শংকা নেই মনে। কারণ আমি জানি আপনারা আছেন। আমার এই মুহূর্তটাকে আপনারাই বুকে আগলে রক্ষা করে রাখবেন। একবারো মাটিতে পড়তে দেবেন না।
© অমিত আহমেদ
বি:দ্র: আজ আমার সাথে সাথে আরো দু’টি সচল বই বেরুচ্ছে।
প্রিয় বন্ধু আনোয়ার সাদাত শিমুলের "অথবা গল্পহীন সময়"। ওর প্রথম বই অথচ নিজে দেখতে পারছে না! ওর বই নিয়ে হাসান মোরশেদ ভাইয়ের পোস্ট।
এবং নুরুজ্জামান মানিকের "স্বাধীনতা সংগ্রামের অপর নায়কেরা"।
প্রথম প্রকাশ: সচলায়তন, ২০ ফেব্রুয়ারি ২০০৯
ছবি: ২০ ফেব্রুয়ারি ১০০৯ বিকেলে বাংলা একাডেমি বইমেলায় নজরুম মঞ্চে "বৃষ্টিদিন রৌদ্রসময়" এর মোড়ক উন্মোচন। ছবি কৃতজ্ঞতা - M M Rahman @ Flicker

0 টি মন্তব্য:
Post a Comment