| ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প মাহবুব আজাদ প্রকাশক: নজমুল আলবাব, শস্যপর্ব পরিবেশক: পাঠসূত্র প্রকাশনী প্রচ্ছদ আলোকচিত্র: মেহদী হাসান খান প্রচ্ছদসজ্জা: নজমুল আলবাব গল্পগ্রন্থ, ৯৬ পৃষ্ঠা মূল্য ১২০ টাকা |
সহব্লগারের বই নিয়ে লিখতে গেলে কিছু ব্যক্তিগত কথা কিছু উঠে আসবেই। এটা এড়ানো কঠিন, এড়ানোর দরকার আছে বলেও মনে করি না। হিমু ভাইয়ের বই নিয়ে কথা বলতে গেলে ব্লগার হিমু ভাই, যাঁকে কখনো দেখিনি, যাঁর সাথে দৈনিক অন্তর্জালে, কিংবা সপ্তাহান্তে ফোনে কথা হয় না, তবু তাঁকে নিয়ে আমার ব্যক্তিগত চিন্তা চলে আসবে।
ব্লগপরিমন্ডলে অনেকের সাথেই চেনাজানা হয়। তবে সামান্য চেনা থেকে ভাই, বোন, কিংবা বন্ধুর কাতারে উঠে আসাটা কঠিন। কারণ ব্লগ জীবনটা এমনই যে একজন ব্লগার শুধু নিপুণ লেখনী দিয়ে কারো মনে জায়গা করে নিতে পারেন না। একজন ব্লগারের পরিচিতি গড়ে ওঠে লেখক-পাঠকের মিথষ্ক্রিয়ায়। ব্লগারের অবস্থান, দেশপ্রেম এ সবই তাই মাপকাঠিতে চলে আসে।
ব্লগার হিমু ভাইকে আমি খাওয়া-ঘুম ফেলে অন্তর্জালে রাজাকার, নিও-রাজাকার তাড়াতে দেখেছি। ক্লান্তিহীন পোস্টে দেখেছি দেশ নিয়ে ভাবনা। যখনই কোনো সংবাদ পড়েছেন, কোনো অনিয়ম-অনাচারে কষ্ট পেয়েছেন, দেশ পরিচালনা-ব্যবস্থাপনায় ত্রুটি দেখেছেন - সচলায়তনে একটা পোস্ট দিয়েছেন। যে ভাবনা হয়তো ক্ষণিকের ছিলো, ক্ষণিকেই হয়তো থেমে যেতো, পোস্টের আলোচনা তর্ক-বিতর্কে তা সংক্রামিত হয়েছে অন্যতেও। তাঁর এই উদ্যম অতিক্রম করে যেতে পারে অন্য সব দোষ-ভুল-ত্রুটি।
লেখক মাহবুব আজাদকে নিয়ে এসব কথা না বললেও চলতো। তবু বললাম, কারণ ওই যে, ব্যক্তিগত কথা চলে আসবেই। মাহবুব আজাদ তো শুধু আর লেখক মাহবুব আজাদ থাকেননি, তিনি হয়ে গিয়েছেন ভাই, হিমু ভাই!
তাঁর উইটের ভক্ত আমি। একটা লেখা রসে চুবিয়ে, হাসিয়ে, কিভাবে ঠিক জায়গাটিতে হানা দিতে হয় তা তিনি জানেন। তবে শুধু হাস্যরসেই তিনি আটকে থাকেন না। একটা কথা একশো ভাবে বলা যেতে পারে। এক হাজার ভাবে দেখা যেতে পারে। একজন লেখক লেখার আগে এগুলোর ঠিক কতোটা যাচাই-বাছাই করতে পারেন তার উপরে লেখার ক্ষমতা অনেকাংশেই নির্ভর করে। মাহবুব আজাদের লেখার বেশ আগের পাঠক আমি। লেখা পড়ে এ বিষয়ে তাঁর দক্ষতা নিয়ে অন্তত কারো সন্দেহ থাকার কথা নয়।
বিষয়টি পরিস্কার হয় তাঁর ভিন্নধর্মী কয়েকটি লেখা পরপর সাজিয়ে পড়লে। গোয়েন্দা ঝাকানাকা গল্পগুলো যেমন আমাদের আমোদ দেয়, ফুটোস্কোপিক গল্পগুলো যেমন হাসায়, পিচ্চিতোষ গল্পগুলো যেমন মায়ায় আটকে রাখে, ঠিক তেমনি বিলুপ্তির মতো গল্পগুলো আমাদের ঠিক ঠিক নাড়িয়ে দিয়ে যায়। তিনি লিখেন সায়েন্স ফিকশন, লিখেন রহস্যগল্প, কবিতা। লিখেন এমন সব গল্প, যেগুলো একটা লিখতে পারলে আমার ভালো লাগতো।
তাই, মাহবুব আজাদের প্রথম বই "ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প" এর জন্য অপেক্ষা শুধু তিনি হিমু ভাই বলেই নয়। কারণ জানি বইয়ে তাঁর সাতটি ছোটগল্পই উজ্জ্বল হয়ে থাকবে সাহিত্যগুনে স্বতন্ত্রে, রঙধনুর সাতটি রঙের মতোই।
© অমিত আহমেদ

9 টি মন্তব্য: